ফরিদপুরে ৩ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
- আপডেট সময় : ০৮:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮৩ , ০৪ বার পড়া হয়েছে
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ফরিদপুরে আজ রবিবার ২৮ জুন সকাল ৮টা থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকালে ফরিদপুর সদর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ফরিদপুর জেলায় মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন শিশুকে একটি নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশুকে একটি লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে।
মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও অবহিত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




















