নগরকান্দা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম আজ বৃহস্পতিবার ১১ জুন নগরকান্দা উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি সৈয়দ আকরামুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীদিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং কে. এম. আতিউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি তালমা সুইজ গেট থেকে মানিকনগর-সোন্দবী পর্যন্ত এবং মনোহরপুর থেকে টেংরারা পর্যন্ত চলমান খাল খনন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তালমা ইউনিয়নের মানিকদী গ্রামে অবস্থিত আলিস শাহ (রহ.)-এর মাজারও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে গৃহীত কার্যক্রমসমূহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের এ পরিদর্শন উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















