ফরিদপুরে মাদক বন্ধ ও চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার এবং চিহ্নিত মাদক কারবারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার ১০ মে বিকেল ৫টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তা মোড়ে ‘আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদীর সভাপতিত্বে এবং উপজেলা কওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা।এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী ও কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “মাদকের করাল গ্রাসে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের পথে। একটি নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়তে হলে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে।” স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, মাদক কারবারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। অবিলম্বে এসব অশুভ শক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে আরও বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে এই আন্দোলন অব্যাহত থাকবে। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “আমি সদ্য এই থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকেই মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”



















