ট্রেন্ডিং :
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৬৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, টিকিট বিক্রি, চিকিৎসকদের উপস্থিতি ও ওষুধ সংরক্ষণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট দল এ অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া বায়োমেট্রিক হাজিরা ও সরেজমিনে পরিদর্শনে কয়েকজন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার সত্যতা পাওয়া যায়।

দুদক সূত্র জানায়, হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সরবরাহে ভয়াবহ অনিয়মের প্রমাণ মিলেছে। দরপত্র অনুযায়ী রোগীদের জন্য ৯৫ টাকা কেজি দরের চালের ভাত দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছিল অত্যন্ত নিম্নমানের চালের ভাত। পাশাপাশি প্রতিজন রোগীর জন্য নির্ধারিত ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে মাত্র ৮০ গ্রাম করে মাছ রান্না করে সরবরাহ করা হচ্ছিল। এ ছাড়া হাসপাতালের স্টোররুমে ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ম মেনে সংরক্ষণ করা হচ্ছিল না।

অভিযান শেষে দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্য ও সেবাপ্রার্থীদের একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে হাসপাতালের বিভিন্ন স্তরে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।



















