ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে আদালত এলাকা থেকে যুবককে তুলে নিয়ে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৪:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ সময় তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির কাছে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন।
আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক লাবলু খাঁর ছেলে। পেশায় ডেকোরেটর শ্রমিক বাচ্চু খাঁ এক ছেলে ও এক মেয়ের বাবা।
বাচ্চু খাঁর ভাই ডেকোরেটর শ্রমিক বাদল খাঁ অভিযোগ করেন, ঐদিন সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁকে জোর করে একটি ইজিবাইকে তুলে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যান। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তিনি কিছু জানেন না।
ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



















