ফরিদপুরে শিখো-প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনা
- আপডেট সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’—এই আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।
এবারের সংবর্ধনায় বিশেষভাবে নজর কেড়েছে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাহারের অংশগ্রহণ। ফরিদপুর শহর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরের আলফাডাঙ্গা থেকে মাকে সঙ্গে নিয়ে ভোর ৬টার দিকে সংবর্ধনায় যোগ দিতে রওনা হয় সে।
প্রথমে ভ্যানে করে আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছায় জান্নাতুল ও তার মা। এরপর বাসে এবং পরে রিকশায় করে সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছায় তারা। যাতায়াতে দুজনের মোট ৩৬০ টাকা খরচ হয়।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জান্নাতুল নাহার জানায়, কয়েক বছর ধরে শিখো-প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনার খবর দেখে আসছে সে। নবম শ্রেণিতে ওঠার পর থেকেই তার স্বপ্ন ছিল একদিন এ সংবর্ধনায় অংশ নিয়ে সম্মাননা ক্রেস্ট অর্জন করার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জান্নাতুল বলে, “সে কথা বলে বোঝাতে পারব না। দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আজ আমার মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ আলতাফ হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা এত দিন জ্ঞানের প্রাথমিক স্তরে ছিল, এখন তারা জ্ঞানের মহাসমুদ্রে প্রবেশ করেছে। এ পর্যায়ে তাদের দায়িত্বও বেড়েছে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে তাদের আরও এগিয়ে যেতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে এবং সফল হতে হবে। সমগ্র বাংলাদেশ তাদের দিকে তাকিয়ে আছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও একজন অভিভাবক তাঁদের অনুভূতি তুলে ধরেন। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর তুহিন সাইফুল্লাহ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী।
সাংস্কৃতিক পর্বে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ-৫ সংবর্ধনার থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন অদ্রিতা কুন্ডু। দ্বৈত সংগীত পরিবেশন করে ঐশ্বর্য ও নাইমা। দেশাত্মবোধক গান পরিবেশন করেন ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মিঠুন দাস। অনুষ্ঠানের শেষ পর্বে লোকসংগীত পরিবেশন করেন শিল্পী লাইলী বেগম।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই এ সংবর্ধনার মূল উদ্দেশ্য।
এবারের আয়োজনের পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।



















