ট্রেন্ডিং :
পঙ্গুত্ব দমাতে পারেনি অদম্য পথচলা: হুইলচেয়ারে বসেই শিক্ষার আলো ছড়াচ্ছেন এক অনন্য বাতিঘর
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
শারীরিক অক্ষমতা ও পঙ্গুত্বকে বুড়ো আঙুল দেখিয়ে হুইলচেয়ারে বসেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন এক অদম্য শিক্ষক। জীবনের কঠিনতম পরিস্থিতি ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছেন এবং তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জন্মের পর থেকে সুস্থ ও স্বাভাবিক ছিলেন অপূর্ব লাল মন্ডল। পঞ্চম শ্রেণিতে পড়ালেখার সময় পায়ে সামান্য সমস্যা লক্ষ্য করেন। এই সমস্যা নিয়েই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৯৯ সালে নিজের এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। তার কয়েক বছর পর থেকে ধীরে ধীরে পায়ের শক্তি হারাতে থাকে। এরপর দুই পায়ে ভর করে আর চলা হয়নি অপূর্ব লালের। গত ১০ বছর ধরে হুইল চেয়ারই তার যাতায়াতের একমাত্র বাহন।
এতো চ্যালেঞ্জের মাঝেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব থেকে একটুও পিছপা হননি তিনি। অপূর্ব লাল বিদ্যালয়ের পাশেই ভাড়া বাড়িতে থাকেন। সেখান থেকে ছাত্রদের সহযোগিতায় বাড়ি থেকে স্কুলে যাতায়াত করেন তিনি।

কথা হলে অপূর্ব লাল মন্ডল বলেন, প্রতিদিন স্কুলে যেতে ছাত্ররাই আমার চলার সঙ্গী। কারও কাঁধে ভর করে, কখনো একাধিক শিক্ষার্থীর সহযোগিতায় বিদ্যালয়ে যাতায়াত করি। এত কষ্ট ও চ্যালেঞ্জের মাঝেও শিক্ষাকতাকে পেশা নয়, শিক্ষার আলো ছড়ানোকে নেশা হিসেবে নিয়েছি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীরা সবসময় পাশে থেকে আমাকে সহযোগিতা করেন। বিল, বাঁওড়, মেলা ও দর্শনীয় কোনো জায়গায় বেড়াতে মন চাইলে ছাত্ররাই তাকে নিয়ে যায়।
সহকারী শিক্ষক ফরিদ শেখ জানান, অপূর্ব লাল মণ্ডল আমার বাল্যবন্ধু। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজে লেখাপড়াও একসঙ্গে করেছি। একবছর আগে পরে একই স্কুলে শিক্ষকতা শুরু করি। তাই অসুস্থ বন্ধু বা সহকর্মীর জন্য খারাপ লাগলেও শেষ দিন পর্যন্ত এভাবে পাশে থাকতে চাই।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শুধু স্কুলে যাতায়াত নয়, শ্রেণিকক্ষে ঢুকেও দায়িত্ব পালনে অপূর্ব লালের যেন কোনো ক্লান্তি নেই। শিক্ষার্থীদের যত্ন করে পাঠ বুঝিয়ে দেন। তবে চলাচলের জন্য তার একটি আধুনিক হুইলচেয়ার হলে পাঠদান ও যাতায়াতে আরও সুবিধা হতো।



















