কৃষিনির্ভর জনগণের কষ্ট লাঘবে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার জোরালো দাবি এমপি ইলিয়াস মোল্লার
- আপডেট সময় : ০৫:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। গতকাল সোমবার ২১ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি উল্লেখ করেন ফরিদপুর-১ আসনের কৃষিনির্ভর জনগোষ্ঠীর ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে। এতে সেচের খরচ ও পরিবহন ব্যয় বাড়বে এবং এর চাপ শেষ পর্যন্ত প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষকেই বহন করতে হবে। সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে কোনো প্রস্তুতি বা ধাপে ধাপে সমন্বয়ের সুযোগ না রেখে এ ধরনের সিদ্ধান্ত জনগণের সহনশীলতার বিষয়টি অগ্রাহ্য করার শামিল।
তিনি বলেন, একটি দায়িত্বশীল সরকারের কাছে প্রত্যাশা থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনস্বার্থ বিবেচনা করা হবে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি। পাশাপাশি এলাকাবাসীর কষ্টের কথা তুলে ধরা এবং তাদের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব বলেও উল্লেখ করেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।




















