কানাইপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা
- আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৯ আগস্ট সকাল ১১টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত বাড়ৈ।
প্রধান অতিথি নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা ইয়াসমিন, কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. আ. মোতালেব শেখ, কানাইপুর বাজারের ব্যবসায়ী সাইফুল আলম কামাল, হাজি মো. মকবুল হোসেন, রাইসুল ইসলাম জনি বিশ্বাস, মো. হেলাল মিয়া, নবগঠিত কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী, জমিদাতা সদস্য ও কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মো. ওলিয়ার রহমান এবং কানাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।
নবগঠিত কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী তাঁর অনুভূতি ব্যক্ত করে তাঁকে সভাপতি নির্বাচিত করায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।




















