“গাছ লাগান, পরিবেশ বাঁচান”
ফরিদপুরের মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের এসএসসি-২০০৭ ব্যাচের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২৩ জুন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক আম গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা শিক্ষা পরিদর্শক মো. সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক খান, সিনিয়র শিক্ষক সরোয়ার হোসেন এবং এসএসসি-২০০৭ ব্যাচের সদস্য মো. সাইদুর রহমান, তৌফিক তপু, মো. সোবহান, মো. সুজাত আলী খান, মিজানুর রহমান আশা ও মো. লুৎফর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।



















