ফরিদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী নিখোঁজ
- আপডেট সময় : ০৪:০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা (জুহি) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ব্যাপারে মেয়েটির পিতা জামাল উদ্দিন কানু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শুক্রবার ৮ মে রাতে একটি পোস্ট করেন। এতে তিনি উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারটি ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করে। তাদের বাড়ি ফরিদপুর কোতয়ালি থানার অন্তর্গত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। জুহির সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। একই সঙ্গে তার সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। পরিবারটি গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।




















