ফরিদপুরে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে নিসআ’র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ
- আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার চলমান ট্রাফিক অব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা কমিটি। সংগঠনটির নেতৃবৃন্দ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। আজ রবিবার ১৯ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে “নিসআ” ফরিদপুর জেলা কমিটির সভাপতি আবরার নাদিম ইতু ও সাধারণ সম্পাদক সালমান রহমান পিয়াল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়। জেলার সড়ক ও মহাসড়কে দীর্ঘদিন ধরে দুর্ঘটনা বৃদ্ধি পেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাঙ্গা–ফরিদপুর মহাসড়ক বর্তমানে কার্যত একটি “মরণফাঁদে” পরিণত হয়েছে। বারবার দাবি জানানো হলেও সড়কটির টেকসই সংস্কার, গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিম্নমানের নির্মাণকাজ ও দায়সারা সংস্কারের কারণে সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া ফরিদপুর শহরের ট্রাফিক বিভাগের সামনেই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই বলে দাবি করা হয়েছে। শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রর অবাধ চলাচল যানজট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে বলেও উল্লেখ করা হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী উপাসনা ঘোষের মর্মান্তিক মৃত্যু জেলার সড়ক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে দুই বছর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এক পাঠাও কর্মীর মৃত্যুর ঘটনায় এখনো বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। “নিসআ” নেতারা দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর জেলার ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন, ভাঙ্গা–ফরিদপুর মহাসড়কের মানসম্মত সংস্কার এবং সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অবৈধ দখলদার ও আইন ভঙ্গকারী দের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক ব্যবস্থা বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি করেন তারা।




















