ট্রেন্ডিং :
মৌচাকে শ্রমিক বিক্ষোভ :: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা নিয়মিত সময়ে কারখানায় উপস্থিত হন। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোর দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও এর আশপাশের আরও বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকালে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশের এলাকায় অবস্থান নেন। এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত ‘এম এম নীট ওয়্যার লিমিটেড’ কারখানাটি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।



















