ফরিদপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০২:৫৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের অঙ্গীকার নিয়ে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাখালী পাঠশালার মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ জিয়া।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক মো. নুরু মিয়া, জেলা কমিটির সাবেক আহ্বায়ক মোহাম্মদ তারেক আজিজ, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, ফরিদপুর সদর যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ফারুক ফকির, বোয়ালমারী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ও সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা ইমারত হোসেন।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
আনন্দ র্যালি ও আলোচনা সভায় গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















