ট্রেন্ডিং :
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সুমন হাওলাদার এবং ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির বাড়িও একই গ্রামে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী যুবক সুমন হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষীদের জবানবন্দি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত সুমনকে এই সাজা প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, “শিশুদের প্রতি এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে আদালতের এই রায় অপরাধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। এই রায় সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।”




















