পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। বাংলাদেশে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তার প্রতিটি নাগরিক সমানভাবে অংশীদার থাকবে এবং সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে বাঁচবে।”
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, সনাতন ধর্মাবলম্বী মা-বোনরা যাতে স্বাধীনভাবে, আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
গত বছরের তুলনায় এবারের পূজার পরিবেশের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে, যা সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
নিজের বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবা জীবদ্দশায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করেছেন এবং প্রতি বছর নিয়মিত পূজামণ্ডপে আসতেন।
এ সময় তিনি মণ্ডপে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।