ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০২ জনে। এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত হাম সন্দেহে ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

উপজেলাভিত্তিক তথ্যে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম সন্দেহভাজন রোগীর তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ২৭ জন এবং অন্যান্য জেলার ১০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় ১০ জনের হাম পজিটিভ হওয়ার তথ্য রয়েছে।