ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ফরিদপুর পুলিশ লাইনস মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আশিকুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদল প্যারেডে অংশ নেয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

প্যারেড চলাকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ, প্যারেডে শৃঙ্খলা, ড্রিল এবং কমান্ড অনুসরণের দক্ষতা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। এ মূল্যায়নের ভিত্তিতে সদস্যদের গুড সার্ভিস (জিএস) মার্ক প্রদান করা হয়।

পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে জনবান্ধব, সেবামুখী ও পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি ন্যায়, নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা দেওয়ার জন্য সদস্যদের নির্দেশনা দেন। মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।