রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।
উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা জানতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১০ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন এবং ব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বাহিনীটি কাজ করে যাচ্ছে।