ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রায়হান তালুকদার তুহিন নামে এক যুবককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের একটি ওয়ারেন্ট অব কমিটমেন্ট (সোপর্দনামা) থেকে এই তথ্য জানা গেছে। দণ্ডিত রায়হান তালুকদার তুহিন ফরিদপুরের নগরকান্দা থানার আড়িয়া লস্করডিয়া গ্রামের মৃত আহমেদ তালুকদারের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর কোতোয়ালি থানার মোল্লাবাড়ী সড়ক সংলগ্ন এ এফ এম কায়েম জঙ্গির বাড়ির পাশে বসবাস করতেন।
নথিপত্র অনুযায়ী, কোতোয়ালি থানার সামারী মামলা নং- ১২১/২০২৩ এবং জি.আর. নং- ৭৭৮/২০২৩ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৮ এর অধীনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
নথিতে আসামির পূর্ববর্তী কোনো সাজার রেকর্ড উল্লেখ করা হয়নি এবং অপরাধের ধারা অনুযায়ী তার এই সাজা আপিলযোগ্য বলে গণ্য হবে।