ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলক্রসিংয়ের প্রায় ১০০ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই নাসিরুল হক ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় নগরকান্দা থানার ওসি ও এসআই নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশকে সহযোগিতা করেন।
এ ঘটনায় নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।