আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন দেশজুড়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
পূজামণ্ডপ বা ধর্মীয় উৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে অপরাধীর দলীয় বা ধর্মীয় পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধীকে আড়াল করার বা লঘু করে দেখার কোনো সুযোগ দেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ছবি-ভিডিও ব্যবহার করে ধর্মীয় উত্তেজনা তৈরি বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী ও পাহারাদার নিয়োজিত থাকবে।
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখতে আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রাখার দীর্ঘদিনের ঐতিহ্যগত চর্চা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অন্য ধর্মের উপাস্য বা অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ, এসআরবি ও আনসারের পাশাপাশি মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরাও মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের সুবিধার্থে এবার সরকারের বিশেষ অনুদান বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি ছুটি বাড়িয়ে টানা ৫ দিনের ছুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই নিশ্ছিদ্র নিরাপত্তা ও কঠোর আইনি অবস্থানের কারণে দেশজুড়ে উৎসবের আমেজ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে পূজা উদযাপন পরিষদ।