ফরিদপুরের নগরকান্দায় পুরাতন দোকানঘরের দেয়াল ভাঙার সময় দেয়ালের নিচে চাপা পড়ে শাহিন (১৯) নামে এক যুবকের
মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে।


জানা যায়, আবু জাফর (৬৫) নামে এক ব্যক্তির পুরাতন দোকানঘরের সাইড ওয়াল ভাঙার সময় অসাবধানতাবশত শাহিনের ওপর দেয়ালটি পড়ে যায়। এতে তার বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। পরে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত আনুমানিক ৮টার দিকে শাহিন মারা যান।