সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে রাতব্যাপী অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।


গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ১১টি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।


অভিযানে সদর দপ্তরের আওতাধীন এলাকায় এলটি লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৮টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।