ফরিদপুরের ভাঙ্গায় বড় ধরনের এক ডাকাতির প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। পৌর শহরের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত হাসামদিয়া এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ঘেরাও করে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশি রেকর্ড যাচাই করে জানা গেছে, এদের মধ্যে অধিকাংশেরই বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। পুলিশ জানায়, মো. মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে সর্বোচ্চ ১৪টি ডাকাতির মামলা রয়েছে। দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। সুজন মাতুব্বরের বিরুদ্ধে রয়েছে ৭টি মামলা। মো. রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মো. মিরাজুল শেখ ও মো. সোহাগ কাজীর বিরুদ্ধে ১টি করে ডাকাতির মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আমরা এই সংঘবদ্ধ চক্রটিকে ধরতে সক্ষম হয়েছি। এদের কারণে এলাকায় বড় ধরনের অপরাধ ঘটতে পারত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি নতুন মামলা দায়ের করেছে।”
তিনি আরও জানান, গতকাল শুক্রবার ২৫ সেপ্টেম্বর দুপুরে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আসামিদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।