দেশের ৩টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তার। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে জানানো হয়, কুষ্টিয়া, খুলনা এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।