ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়নে মহান শিক্ষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
ইলা মিত্র খেলাঘর আসর ও তিতুমীর খেলাঘর আসরের যৌথ উদ্যোগে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে চিত্রাঙ্কন, আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২১ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।


আলোচনা সভায় ‌বক্তারা বলেন, খেলাঘর শুধু সাংস্কৃতিক সংগঠন নয়; শিক্ষা, সংস্কৃতি ও শান্তির আন্দোলনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার একটি সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন। মানবিকতা, বিজ্ঞানমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘরের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাতসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তিতুমীর খেলাঘরের আহ্বায়ক অসিত চক্রবর্তী, সদস্য সচিব লাভলী আক্তার ও ইলা মিত্র খেলাঘরের সাধারণ সম্পাদক জাহানারা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। সভাপতিত্ব করেন ইলা মিত্র খেলাঘরের সভাপতি আনোয়ার হোসেন আনা।
বক্তারা শিশু-কিশোরদের শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে বৃহত্তর কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়।