বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক জামাল উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী শিপুল এর বিরুদ্ধে সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে আনীত অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় ঠিকাদার ও সচেতন নাগরিক সমাজ। কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই কিছু সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে “অভিযোগের পাহাড়” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে এলজিইডির অধীনে চলমান মেগা প্রকল্পগুলোর কাজ অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে এগিয়ে চলছে। কাজের গুণগত মান বজায় রাখতে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষিপ্ত হয়ে এই দুই সৎ ও দক্ষ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

স্থানীয় ঠিকাদারদের একাংশ জানান, জামাল ও শিপুলের তত্ত্বাবধানে বরিশালের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে প্রকল্পের বাস্তবায়ন পর্যন্ত সবকিছু শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে। কতিপয় সুবিধা বঞ্চিত ও কালো তালিকাভুক্ত ঠিকাদার নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদটি করিয়েছে।
এই বিষয়ে দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, “চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি স্তিমিত করতে এবং কর্মকর্তাদের মানসিকভাবে হেনস্তা করতেই এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা এই ভুয়া নিউজের তীব্র নিন্দা জানাই এবং খুব শীঘ্রই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
