ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতৈর-ডোবরা-দাদপুর সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ স্থানেই এখন কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে কয়েকশ ছোট-বড় গর্তের তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়। স্থানীয় চালক ও পথচারীরা জানান, গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রতিদিন ইজিবাইক, নছিমন ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।
বিশেষ করে খালেক মাতুব্বর, সেলিম শিকদার ও তুজাম শিকদারের বাড়ির সামনের সড়কটির অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াত এখন চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা জানান, সড়কটি ফরিদপুর-রাজবাড়ী প্রস্তাবিত প্রকল্পের আওতায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, জনভোগান্তি কমাতে এলজিইডিকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এবং বরাদ্দ সাপেক্ষে দ্রুত সড়কটির প্রাথমিক মেরামতের ব্যবস্থা করা হবে।
বৃহৎ প্রকল্পের অপেক্ষায় না থেকে, জনস্বার্থে এখনই জরুরি ভিত্তিতে সড়কটির বড় গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।