ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার ২ সেপ্টেম্বর এ উপলক্ষে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের পরিচালনা কমিটির উদ্যোগে বাদ আসর হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রফেসর এবিএম সাত্তার, প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, ডা. এম এ জলিল, মো. হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ মুরাদ মিয়া, মনির হোসেন, শামসুল আলম শানু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, খন্দকার মফিজুর রহমান জামাল, ডা. মো. নজরুল ইসলাম, সৈয়দ নাজমুল হোসেন লোচন, নাসির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ফুয়াদ ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা ডা. মোহাম্মদ জাহেদের চিকিৎসাসেবা ও সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিয়া মো. জাহিদ হাসান।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশনে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সকাল ৭টায় আলীপুর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়।
এছাড়া দুপুরে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি থাকা দুস্থ ও অসহায় রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।