ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের আজ বুধবার ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ২২৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে মোট ৪৪ জন নতুন রোগী ভর্তি হলেও একই সময়ে ৪১ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।
উপজেলাগুলোর মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব উপজেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৩১ জন এবং অন্যান্য জেলার ১৩ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে ফরিদপুরের দুটি সরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি রয়েছেন ১০৩ জন।