ছোট ছোট মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব—এই লক্ষ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে। ট্রমা সেন্টারটি স্থাপিত হলে ভাঙ্গা ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত ও জরুরি চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচিত হবে।
ভাঙ্গা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং দেশের ব্যস্ততম যোগাযোগকেন্দ্রগুলোর একটি। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় এখানে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের দাবি দীর্ঘদিনের।
এ দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে আধা সরকারি পত্রের মাধ্যমে ভাঙ্গায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের আবেদন করেন।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২২ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে একটি সরকারি পত্র পাঠানো হয়েছে। পত্রে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারি পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৪, ফরিদপুর-০৪-এর দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা উপজেলায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে। এর মাধ্যমে ভাঙ্গায় উন্নত চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচিত হবে এবং দুর্ঘটনাসহ জরুরি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। “ভাঙ্গার মানুষের কল্যাণ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হবে। এতে ভাঙ্গা ছাড়াও আশপাশের উপজেলার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবে এবং দুর্ঘটনাকবলিত রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।