পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রিয়েল ন্যাচার লিমিটেডের উদ্যোগে আজ শুক্রবার ২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন গাইবান্ধার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সা.) জামে মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম মাওলানা মো. মাহমুদুল হাসান নাজাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল ন্যাচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকীম খাদেমুল ইসলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক দেওয়ান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, রিয়েল ন্যাচার লিমিটেডের চেয়ারম্যান হাকীম জান্নাতুল ফেরদৌস, আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) আক্তার হোসেন আকাশ, তরিকত ঐক্য পরিষদ ফরিদপুরের সভাপতি মো. আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। উল্লেখ্য, রিয়েল ন্যাচার লিমিটেড একটি ভেষজ ও ইউনানী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান।