ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল
বুধবার ২০ আগস্ট রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হাসামদিয়া এলাকায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে হাসানের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল চালক সাকিব মুন্সী (২৩), তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার এনায়েত মুন্সির ছেলে। অপর নিহত পথচারী হৃদয় শেখ (২৩), তিনি ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার ইলিয়াস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব মুন্সী একটি মোটরসাইকেল নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। ভাঙ্গা পৌরসভার মধ্য হাসামদিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি পথচারী হৃদয় শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী দুজনই গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।


স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেন। পরে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।