ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৭ আগস্ট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিতরা।
সভায় ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল খোকনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
