ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৬ আগস্ট নগরকান্দায় ‌এ ‌ উপলক্ষে ‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরীয়ার মোহাম্মদ নিয়াজী, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন, নগরকান্দা সার্কেলের কর্মকর্তা মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহীল আবরার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।