ফরিদপুরের নগরকান্দায় কুমার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আছাদুজ্জামান পাউচা মাতুব্বর (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গুচ্ছ গ্রামের কুমার নদীর ঘাটে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার ১৪ আগস্ট সকাল ৯টার দিকে নদীর ঘাট থেকে প্রায় ৫০০ গজ পূর্বে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আছাদুজ্জামান পাউচা মাতুব্বর মিরাকান্দা গ্রামের মৃত আব্দুস ছাত্তার মাতুব্বরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে আছাদুজ্জামান একা কুমার নদীর ঘাটে গোসল করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শুকবার সকাল ৮টার দিকে নদীর ঘাটে তার ব্যবহৃত পোশাক দেখতে পেয়ে সন্দেহ হলে নগরকান্দা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আছাদুজ্জামান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি দুইবার পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
