ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়টি পরিবহনকে ৬টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
“শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় গতকাল রবিবার ৯ আগস্ট ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর থানার পুলিশ সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।