মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ‘চুরি’ হওয়ার অভিযোগে নিখোঁজ ৩ মাস বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে তদন্তে জানা গেছে, শিশুটিকে কোনো অপরিচিত ব্যক্তি চুরি করেনি; তাকে নিয়ে গিয়েছিলেন তারই মা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ‌রবিবার ২ আগস্ট সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের আলমগীর (২৩) মাগুরা সদর থানায় এসে অভিযোগ করেন, তিনি মাঠে কাজ করতে এবং তার স্ত্রী পুকুরঘাটে কাপড় ধুতে গেলে বোরকা পরিহিত এক নারী তাদের তিন মাস বয়সী ছেলে নূর ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, শিশুটিকে নিয়ে এক নারী ঢাকার দিকে রওনা হয়েছেন।
পরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ওই নারীর অবস্থান শনাক্ত করা হলে মাগুরা জেলা পুলিশ, মানিকগঞ্জ জেলা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ এবং ফরিদপুর নৌ পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা বোরকা পরিহিত নারীকে হেফাজতে নেওয়া হয়।


জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম কোহিনূর বেগম বলে পরিচয় দেন এবং তিনি শিশুটির মা বলে জানান। তিনি পুলিশকে জানান, স্বামী আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ কারণে রাগ করে কাউকে কিছু না জানিয়ে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
বর্তমানে উদ্ধার হওয়া নবজাতকটি তার মায়ের কাছেই রয়েছে। পুলিশ জানিয়েছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং নারী-শিশু সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।