মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আজ শুক্রবার ৩১ জুলাই বিকেলে সদরপুরে অনুষ্ঠিত BCSP ফুটবল একাডেমি আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা সৃষ্টি, সুস্থ বিনোদন এবং খেলাধুলার প্রসারের কোনো বিকল্প নেই। তিনি তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান।

এ সময় এমপি শহিদুল ইসলাম বাবুল তরুণদের উদ্দেশ্যে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলাই হতে পারে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি এবং ইতিবাচক পরিবর্তনের অন্যতম মাধ্যম।

টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য দুপুরের পর থেকে অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হয়। তারা এ ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।