ফরিদপুরে গ্লোরী চাইল্ড হোম স্কুলে শিক্ষার্থীদের জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্প, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৭ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার প্রামাণিকের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে এফপিএবি ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার উপস্থিত অভিভাবকদের পরিবার পরিকল্পনা সেবা, স্বল্পমূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এছাড়া এফপিএবি ফরিদপুর শাখার এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস নাসিমা আক্তার শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য এফপিএবি ফরিদপুর শাখার পক্ষ থেকে গ্লোরী চাইল্ড হোম স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
