ফরিদপুরের মধুখালী পৌরসভার শ্রীপুর কর্মকারপাড়ায় একটি টিনের স্যানিটারি টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দি মানব কঙ্কালের অংশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ২৬ জুলাই দুপুরে মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় মোহাম্মদ আলী আকবর মণ্ডলের বাড়ির দক্ষিণ পাশের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্য রওশন আরা বেগম টয়লেটে গেলে স্লাবের নিচে একটি প্লাস্টিকের বস্তা এবং স্থানটি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি তার স্বামী মোহাম্মদ আলী আকবর মণ্ডলকে জানান। দুপুরে তিনি স্থানীয় লোকজনকে নিয়ে বস্তাটি খুলে মানব কঙ্কালের বিভিন্ন অংশ দেখতে পান। পরে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বস্তা, কঙ্কালের আটটি হাড়, একটি মাথার খুলি, একগুচ্ছ লম্বা চুল এবং আরও কয়েকটি হাড়ের খণ্ড রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আলামত জব্দ করেছে।
এ সময় মধুখালী থানার ওসি (তদন্ত) মারুফ এবং এসআই অসিত দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।