ফরিদপুরে আজ শুক্রবার ২৪ জুলাই অনুষ্ঠিতব্য শ্রীশ্রী রথযাত্রাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্গনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীর সঙ্গে রথযাত্রা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় সনাতনী ঐক্য ধারা ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীশ্রী রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে রথযাত্রার সফল আয়োজনের জন্য ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
