ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা মহোৎসব-উপলক্ষে আগামীকাল শুক্রবার ২৩ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘের উদ্যোগে শ্রীধাম শ্রীঅঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টায় শ্রীধাম ব্রাহ্মণকান্দা থেকে ‌ উল্টো রথের শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রাটি শহরের জনতা ব্যাংকের মোড়সহ বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শ্রীধাম শ্রীঅঙ্গনে এসে শেষ হবে।
এ ছাড়া বিকেল ৪টায় কীর্তনমেলা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আরতী কীর্তন।
শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‌ উল্টো রথের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
তারা সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।