ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হাম (মিজলস) সন্দেহে নতুন করে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের ২২ জুলাই ২০২৬ (সকাল ৮টা পর্যন্ত) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৮৭৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার কোনো স্বাস্থ্যকেন্দ্রে নতুন রোগী ভর্তি না হলেও ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে পুরাতন ও নতুন মিলিয়ে ২৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতাল থেকে মোট ৩৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ১৮ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজ শনাক্ত হওয়া ৩৭ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২৬ জন ফরিদপুর জেলার এবং ১১ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।