বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। আজ শনিবার ১৮ জুলাই সকাল ১০টায় তিনি হাসপাতালটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের পরিচ্ছন্নতা, প্রস্তুতি ও চিকিৎসাসেবা তদারকি করেন। তিনি হাসপাতাল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এ সময় তিনি বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। তিনি এডিস মশার প্রজননস্থল যেমন ডাবের খোসা, পুরোনো টায়ার ও ফুলের টবে জমে থাকা পানি ধ্বংসের পরামর্শ দেন। পাশাপাশি দিনে ও রাতে মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরিধান এবং জ্বর দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

সিভিল সার্জন হাসপাতালের ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা, পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় ওষুধ মজুত নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা ও বায়োমেট্রিক উপস্থিতি যাচাই করেন। চিকিৎসকদের শতভাগ উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং আবাসিক ভবন পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা ও সরকারি ওষুধ প্রাপ্তির বিষয়েও খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণ ও আবাসিক এলাকার পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
