ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামে গাভীর দুধ সংগ্রহ করতে গিয়ে গাভীর লাথিতে আহত হয়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ১৭ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম আশফরদী গ্রামের মৃত জব্বার তালুকদারের স্ত্রী।
জানা যায়, সকালে নিজ বাড়িতে গাভীর দুধ সংগ্রহ করার সময় হঠাৎ গাভী লাথি মারলে আছিয়া বেগম গুরুতর আহত হন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।