জুলাই শহীদ দিবস- উপলক্ষে রাজবাড়ীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবা এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন যৌথভাবে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদ ও আহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের পেশাদারিত্ব ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
