ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার ৬ জুলাই দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে মীরের কাপাসহাটিয়া রেলক্রসিং থেকে প্রায় ৩০০ গজ উত্তরে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, ট্রেন আসার কিছুক্ষণ আগে তাকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম শুরু করেন। পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
মরদেহের পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রেলওয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।