ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুমন শেখ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১১ জনের নামোল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানতে চাইলে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সুমন হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ বিষয়ে কোনো তদবির বা রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। বিচারে দোষীদের শাস্তি পেতে হবে। ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।